ভালো প্রস্তুতি নিচ্ছে ভারতও

ভালো প্রস্তুতি নিচ্ছে ভারতও

ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী যোগ দেওয়ায় বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে। ঘরের মাঠে খেললেও বাংলাদেশ ম্যাচটি ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে। তবে বাংলাদেশকে মোকাবিলা করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছে ভারত। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে দলটি। তারা ৩-০ গোলে হারায় দ্বীপ দেশটিকে। এক বছরের বেশি সময় পর জয়ে ফিরেছে ভারত। অবসর ভাঙিয়ে ফেরানো সুনিল ছেত্রীও মাঠে ফিরে স্বরূপেই ফিরলেন। দলের হয়ে তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। দারুণ হেডে গোল করে ৪০ বছর বয়সি ছেত্রী বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি। ফিফা র‌্যাংকিংয়ে ২৬ ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে পাওয়া জয়টি ভারত দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

শুধু প্রস্তুতি ম্যাচই নয়, শিলংয়ের যে মাঠে খেলা হবে, সেখানে দীর্ঘদিন ধরে ক্যাম্প করেছে ভারত দল। শিলংয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা খেলাটাই উপহার দেওয়ার চেষ্টা করবে স্বাগতিকরা। হোম অ্যাডভান্টেজ দলটিকে এগিয়ে দিতে পারে। তবে তাদের মাথাব্যথার কারণ হলো হামজা চৌধুরী। ইংলিশ লিগে ফুটবলারের সঙ্গে আগে কখনো খেলার অভিজ্ঞতা হয়নি ভারতীয়দের। ফলে হামজার সঙ্গে নতুন অভিজ্ঞতা হবে তাদের। এ জায়গাটাতেই ভারতের ভয় হামজাকে বিপক্ষে কীভাবে খেলবেন ফুটবলাররা। হামজাকে ঘিরে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা থাকবে তাদের। আগেই ভারতের ডিফেন্ডার সন্দেশ ঝিংগান বলে দিয়েছেন, তাদের মূল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে ভালো করা। এশিয়ান কাপ বাছাইপর্বে যাত্রাটা জয় দিয়ে শুরু করতে চান। শিলংয়ে দলের অনুশীলন ও মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ ভারতের প্রস্তুতিতে দারুণভাবে সহায়তা করবে। এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে রয়েছে ভারত। বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলবে তারা। এ গ্রুপে ফিফা র‌্যাংকিং বিচারে শক্তিশালী দল ভারত। তবে হামজা যোগ দেওয়ায় বাংলাদেশ বেশি আলোচিত হচ্ছে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের মূলপর্বে খেলবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন