বহুল আলোচিত বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের আগেই ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন কিউবা মিচেল। সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এখন তাকিয়ে আছেন হংকং ম্যাচের দিকে। আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকের বিপক্ষে এশিয়া কাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।
সম্প্রতি ইংল্যান্ডের স্থানীয় এক গণমাধ্যমে কিউবা মিচেল বলেছেন, বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষার প্রহর গুনছেন তিনি। বাংলাদেশে যে ফুটবলের উন্মাদনা তৈরি হয়েছে, সেটি সদূর ইংল্যান্ড থেকে টের পাচ্ছেন এই ফুটবলার। তিনি জানান, জাতীয় দলের হয়ে খুব বেশি খেলোয়াড় খেলার সুযোগ পান না। বাংলাদেশের জার্সি পরে খেলতে পারলে সেটি হবে দারুণ এক স্মরণীয় স্মৃতি।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। এই ইংল্যান্ড প্রবাসীর সঙ্গে যোগাযোগ হয়েছে কিউবা মিচেলেরও। হামজা যখন ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছিলেন, তখন তাদের বিপক্ষে লড়েছিল কিউবা মিচেলের সান্দারল্যান্ড ক্লাব। সে সময়ই হামজার সঙ্গে বাংলাদেশ নিয়ে আলাপ হয় মিচেলের।
তিনি জানান, ‘আমি এরই মধ্যে হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি। তার প্লে-অফ ফাইনাল ও বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। ওখানে সমর্থন দারুণ রকমের। তাই আমি দারুণ রোমাঞ্চিত সেখানে গিয়ে খেলতে।’
এ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ছয় প্রবাসী খেলোয়াড়ের অভিষেক হয়েছে। হামজা, শমিত, ফাহমিদুল, জামাল, তারিক ও কাজেমের পর এবার অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল। তার ক্যারিয়ারের শুরুটা সান্দারল্যান্ডের যুব দলে। দলটির হয়ে অনূর্ধ্ব-২১ পর্যায়েও খেলেছেন। সান্দারল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে মাঠ ছড়াতে চান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

