মিরাজকে ছাড়াই একাদশের পরিকল্পনা

মিরাজকে ছাড়াই একাদশের পরিকল্পনা

জ্বর কমেছে, তবে এখনো দুশ্চিন্তামুক্ত হওয়ার মতো নয়- মেহেদি হাসান মিরাজকে নিয়ে গলে থাকা টিম ম্যানেজমেন্টের একজনের ভাষ্য ছিল ঠিক এই রকম। তার কথায় খানিকটা স্পষ্ট মিরাজকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ফলে মিরাজ না খেললে একাদশে সুযোগ পেতে পারেন অনভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। শ্রীলঙ্কায় পৌঁছানোর জ্বরে আক্রান্ত হন মেহেদি হাসান মিরাজ। ফলে গলে বাংলাদেশ দলের দুই অনুশীলনের কোনোটাতেই ছিলেন না।

তার অসুস্থতার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের এক সদস্য আমার দেশকে বলেন, ‘আপাতত জ্বর নেই। তবে এখনো দুশ্চিন্তামুক্ত হওয়ার মতো কিছু হয়নি। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি হলে হয়তো তাকে নিয়ে ঝুঁকি নেওয়া যেত। কিন্তু টেস্টে হয়তো এমন ঝুঁকি নেওয়া যাবে না। প্রথম দিন সুস্থ-স্বাভাবিক খেলার পর দ্বিতীয় দিনে একটু অসুস্থ হলে দল ক্ষতিগ্রস্ত হবে। ফলে সবকিছু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

মেহেদি হাসান মিরাজ গল টেস্ট মিস করে গেলে অভিষেক ক্যাপ পরতে পারেন হাসান মুরাদ। গলে বরাবরই থাকে স্পিনারদের দাপট। ফলে একাদশে তিন স্পিনার থাকবে সেটা একরকম নিশ্চিত করেই বলা যায়। সে কারণেই ধারণা করা হচ্ছে, হাসান মুরাদের অভিষেক হতে পারে। এখন পর্যন্ত ৩৩ প্রথম শ্রেণির ম্যাচে ২১.৬৬ গড়ে ১৪৫ উইকেট শিকার করেছেন মুরাদ। এ সময় ১৩ বার ফাইফারও নিয়েছেন কক্সবাজারের এই বাঁহাতি স্পিনার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন