শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

মেয়েদের ফুটবল বাংলাদেশের চেয়ে ৩৯ ধাপ এগিয়ে ইন্দোনেশিয়া। তবে মাঠের খেলায় সেটার ছাপ পড়তে দিলো না বাংলাদেশ। দুরন্ত খেলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ নারী ফুটবল দল।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে পুরো ম্যাচেই ইতিবাচক ফুটবল খেলেছেন পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের ৭টি রাখে পোস্টে, তবু মেলেনি গোল।

প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন-ঋতুপর্ণারা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। দ্বিতীয়ার্ধেও সমানভাবে লড়ে যায় বাংলাদেশ। শেষ দিকে দলকে রক্ষা করেন রূপনা। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনো মতে আটকান বাংলাদেশের গোলরক্ষক।

একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা। সুযোগ বুঝে শট নেন ক্লাওদিয়া আলেকসান্দারা। তবে বল পোস্টে লেগে ফেরত আসে।

খানিকবাদেই বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে ইন্দোনেশিয়া গোল পায়নি। এর পরপরই বাজে শেষের বাঁশি।

৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে খেলবেন মেয়েরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন