দারুণ খেলে যাচ্ছেন রিশব পন্ত। ইংল্যান্ডের মাটিতে সময়টা বেশ ভালোই যাচ্ছে। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১২ বলে খেলেছেন ৭৪ রানের দারুণ ইনিংস। এই দুই ছক্কায় নতুন কীর্তি গড়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ছক্কার রেকর্ডটা নিজের দখলে নিয়েছেন পন্ত। টপকে গেছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে। ইংলিশদের বিপক্ষে ১৫ টেস্ট খেলেই পন্ত হাঁকিয়ে ফেলেছেন ৩৬ ছক্কা। ইংল্যান্ডের বিপক্ষে রিচার্ডস ছক্কা মেরেছেন ৩৪টি।
তবে টেস্টে ভারতের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পন্ত। এ রেকর্ডে রোহিত শর্মাকে স্পর্শ করেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কায় টেস্ট ক্যারিয়ারে পর্দা টেনে দেন রোহিত। ভারতের সাবেক ক্যাপ্টেনকে পন্ত ছুঁয়ে ফেলেছেন ৮০ ইনিংস খেলেই।
এই লিস্টের শীর্ষে রয়েছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা হাঁকিয়েছেন সাবেক এ উদ্বোধনী ব্যাটসম্যান। রেকর্ডটা ভেঙে দেওয়া পন্তের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

