বাবর-শাহিনদের ব্যর্থতার পুরস্কার কোটি টাকা

বাবর-শাহিনদের ব্যর্থতার পুরস্কার কোটি টাকা

দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য নেই পাকিস্তানের। তাতে ক্রিকেটারদের ওপর নাখোশ হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু হলো উল্টোটা। ব্যর্থ হওয়ার পরও ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে পিসিবি।

দুই বছর ধরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক ব্যর্থতা—টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দশা। দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্যের খরা, ঘরের মাঠে বাংলাদেশর কাছে হার, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র—সব মিলিয়ে হতাশার পর হতাশা।

তবে এগুলোর প্রভাব পড়ল না কেন্দ্রীয় চুক্তিতে। সেখানে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জনের বদলে অন্তর্ভুক্ত হচ্ছেন ৩০ জন ক্রিকেটার। তাদের বেতন বাড়ছে ৩৭ শতাংশ হারে। এ বাবদ বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, বাজেট কাটছাঁটের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট। আগে যেখানে ঘরোয়া ক্রিকেটের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ থাকত, সেখানে তা কমিয়ে প্রায় অর্ধেক তথা ১৩ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।

এছাড়া, ১২টি ঘরোয়া মাঠ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ মাত্র ২ কোটি টাকা। পাকিস্তানের তিন আন্তর্জাতিক ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির জন্য আলাদা বাজেট বরাদ্দ থাকলেও বাকিগুলোর ভাগ্যে জোটেনি তেমন অর্থ।

নারী ক্রিকেটেও মনোযোগ নেই পিসিবির। কেন্দ্রীয় চুক্তির সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ জনে উন্নীত করা হয়েছে, কিন্তু বেতন বাড়ানো হয়েছে মাত্র ৪ শতাংশ। যেখানে নারী দলের জন্য বরাদ্দ ১১ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন