সেঞ্চুরি পেল না কেবল পাকিস্তান

সেঞ্চুরি পেল না কেবল পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বৃষ্টির কারণে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। তাতেই একমাত্র দল হিসেবে কোনো সেঞ্চুরি না করেই টুর্নামেন্টে শেষ করল ম্যান ইন গ্রিনরা।

প্রথম দুই ম্যাচ হারায় আগেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। তাই বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। যেখানে সেঞ্চুরি করার মতো শেষ সুযোগ ছিল আয়োজকদের ব্যাটারদের। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সে সুযোগ হারিয়েছে তারা।

বিজ্ঞাপন

পাকিস্তানের কোনো ব্যাটার না পারলেও চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে সেঞ্চুরির কমতি নেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে সাত ম্যাচ। এই সাত ম্যাচে সেঞ্চুরি হয়েছে ১১টি। এটা মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ড। এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ২০০২ ও ২০১৭ সালের আসরে সমান ১০টি করে সেঞ্চুরি হয়।

পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া বাকি সাত দলের ন্যূনতম একজন করে ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এবারের আসরে সর্বোচ্চ তিন সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। এরা হলেন উইল ইয়াং, টম লাথাম ও রাচিন রবীন্দ্র। ভারতের হয়ে শতকের দেখা পেয়েছেন শুভমান গিল ও বিরাট কোহলি। তৃতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন বেন ডাকেট ও জো রুট। এছাড়া একটি করে শতক এসেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান তাওহিদ হৃদয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন