কোয়াবের অগ্রবর্তী নির্বাচন চান ক্রিকেটাররা

কোয়াবের অগ্রবর্তী নির্বাচন চান ক্রিকেটাররা

বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের ভালো-মন্দ দেখার দায়িত্ব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)। গত ২০২৩ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় বেশ ঘটা করে কোয়াবের কাউন্সিল ও নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

সে সময় কোয়াবের সভাপতি হিসেবে নির্বাচিত হন নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হন দেবব্রত পাল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন দুর্জয়। তখন থেকে কোয়াবে নিষ্ক্রিয় রয়েছেন দুর্জয়। তার অনুপস্থিতিতে নতুন করে কোয়াব নির্বাচনের দাবি তুলেছেন ক্রিকেটাররা।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমনসহ বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ওই সভায় ক্রিকেটারদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্বাচনের দাবি তোলা হয়।

বিষয়টি নিয়ে দেবব্রত পাল আমার দেশকে বলেন, ‘আজকে (গতকাল) প্রাথমিকভাবে যাদের সঙ্গে বসা হয়েছে তারা নির্বাচনের কথা বলেছে। যেহেতু সভাপতি কাজ করছে না নির্বাচন দেওয়া যায় কি না। যেহেতু সভাপতি ফাংশন করছে না, তাই বলছে নির্বাচন দেওয়া যায় কি না।’ বর্তমান কমিটির মেয়াদ আরো দুই বছর থাকায় অগ্রবর্তী নির্বাচনে গঠনতন্ত্র কী বলে সেটা জানতে এরই মধ্যে লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া হবে বলেও জানান দেবব্রত পাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন