অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দশ দলের মধ্যে নবম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যর্থতার সেই ধারা চারদিনের ম্যাচেও বজায় রাখলো বাংলাদেশ। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছে সাতজন টেস্ট খেলোয়াড় নিয়ে খেলতে নামা বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ৩৪.৫ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়েছে দলটি। জবাবে দিন শেষে ৫ উইকেট ২০৪ রান তুলে ৯০ রানে এগিয়ে গিয়ে গেছে সাউথ অস্ট্রেলিয়া।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’। ওপেনার ইফতেখার হোসেনকে শূন্য রানে বোল্ড করে দেন অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা পেসার ওয়েস অ্যাগার। এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসানকেও ১৩ রানে ফেরান তিনি। ২। ওয়েস অ্যাগার তৃতীয় উইকেট পেয়ে যান নিজের পরের ওভারেই অমিত হাসানকে (২) ফিরিয়ে।
২৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন শাহাদাত হোসেন দীপু ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে ৩০ রানের জুটি গড়েন। দিপু করেন ২৫ রান, অঙ্কন ৯ রান। দলের রানটাকে ৫৩ রানে রেখেই ৩ বলের ব্যবধানে ফেরেন দুজন। ‘এ’ দল ২টি করে উইকেট হারায় ৬২ ও ৬৬ রানে দাঁড়িয়েও। আর তাতে স্কোর হয়ে যায় ৬৬/৯। সেখান থেকে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন নয়ে নামা রাকিবুল হাসান।
শেষ ব্যাটসম্যান এনামুল হককে নিয়ে দশম উইকেটে রাকিবুল যোগ করেন ৪৮ রান। বাঁহাতি স্পিনার জার্সিস ওয়াদিয়ার তৃতীয় শিকার হয়ে রাকিবুল (২২) যখন ফিরলেন বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ১১৪। অন্য প্রান্তে তখন এনামুল হক অপরাজিত ২৭ রানে।
বোলাররা এরপর ভালো শুরুই করেছিলেন, ৪৭ রানেই তুলে নিয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ার প্রথম ৪ উইকেট। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলা নাথান ম্যাকসুয়িনিও। এরপর ৯৬ রানের জুটি গড়েন জেসন সাংহা ও জেইক ফ্রেজার-ম্যাগার্ক।
লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ফ্রেজার-ম্যাগার্ক ৪৭ বলে ৫২ রান করে নাঈম হাসানকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হ্যারি নিয়েলসেনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন সাংহা। প্রথম দিন শেষে ৮৩ রানে অপরাজিত চারে নামা এই ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৩৪.৫ ওভারে ১১৪ (এনামুল ২৭*, শাহাদাত ২৫, রাকিবুল ২২, মাহমুদুল ১৩; অ্যাগার ৩/১০, ওয়াদিয়া ৩/১৫, থর্নটন ৩/২৭)।
সাউথ অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৮ ওভারে ২০৪/৫ (সাংহা ৮৩*, ফ্রেজার-ম্যাগার্ক ৫২, নিয়েলসেন ২৮*; মুসফিক ১/৩০, এনামুল ১/৩১, নাঈম ১/৪০, হাসান ১/৪৪, মুরাদ ১/৪৪)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

