নেপালের বিপক্ষে তিন গোলে জিতল বাংলাদেশ

নেপালের বিপক্ষে তিন গোলে জিতল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন থুইনুয়ে মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই নেপালের উপর চড়াও হয় কোচ মাহবুবুর রহমান লিটুর দল। একের পর এক আক্রমণও শানাতে থাকেন সুরভী-আলপিরা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নেপাল গোলরক্ষক লক্ষ্মী ওলি।

বিজ্ঞাপন

দুই দফায় লক্ষ্যভ্রষ্ট শটে গোলের সুযোগ হারান সুরভী। এর পর অন্তত তিনবার গোলে নেওয়া শট ঠেকিয়ে দেন ওলি। নেপালের ইয়াম কুমারিও একবার পরীক্ষা নেন ইয়ারজান বেগমের। অবশেষে ৪১ মিনিটে আসা প্রথম গোলের সুবাদে লিড পায় বাংলাদেশ।

মামনি চাকমার পাস থেকে জটলার মধ্যে সুযোগ পেয়েও শট নিতে ব্যর্থ হন আলপি আক্তার। বল ক্লিয়ার করার চেষ্টা করেন নেপালের ডিফেন্ডার। তবে বল চলে যায় থুইনুয়ে মারমার পায়ে। ডান প্রান্তের টপ বারে দারুণ শটে জালভেদ করেন তিনি।

৪৫ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন সুরভী। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ওলি বক্স থেকে বেরিয়ে ক্লিয়ার করতে চাইলে তাকে চ্যালেঞ্জ করেন আলপি। দুজনই যখন বল খুঁজছেন তখন দৌড়ে এসে সেটি নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকেই দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে জালে পাঠান সুরভী।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় গোলশূন্য থাকে দুই দল। তিনবার বাংলাদেশের শট আটকে যায় নেপালের গোলবারে লেগে। তবে তৃতীয় সাফল্য আসে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাসের সুযোগে বল নিয়ে আক্রমণে ওঠেন প্রীতি। সামনে এগিয়ে ঠেলে দেন বদলি নামা রিয়ার দিকে। এক ডিফেন্ডারকে কাটিয়ে স্কোরশিটে নাম তোলেন রিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন