লিওনেল মেসিও তাহলে পেনাল্টি মিস করেন? প্রশ্নটা বিস্ময়কর শোনালেও আদতে এটাই হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে। মেসির পেনাল্টি মিসের ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিয়ামি।
ম্যাচের তখন ৩২ মিনিট চলছে। লিওনেল মেসিকে ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দিলেন রেফারি। শট নিতে এগিয়ে গেলেন ইন্টার মায়ামি অধিনায়ক নিজেই। তবে প্রতিপক্ষ গোলকিপার ক্রিস্তিয়ান কালিনা কোনো পাশে ডাইভ না দিয়ে দাঁড়িয়ে রইলেন মাঝামাঝিই। ওই শটও তাই ধরে ফেললেন তিনি সহজেই!
এর আগে সবশেষ ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। তিন বছর পর ফের পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হলেন মেসি। মায়ামির হয়ে আগে তিনটি পেনাল্টি নিয়ে সফল ছিলেন তিনি সবকটিতেই।
শার্লটের তিনটি গোলই করেন তোকলোমাতি। ইসরাইলের ২১ বছর বয়সী উইঙ্গারের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক এটি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান এখন তৃতীয়। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত আট নম্বরে আছে মায়ামি। যদিও মেসিরা ম্যাচ খেলেছেন ২৬টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

