নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান নো হ্যান্ডশেক!

নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান নো হ্যান্ডশেক!

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে জড়িয়েছে সূর্যকুমার যাদবরা। মহাদেশীয় এ ক্রিকেট আসরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ব্যাপক তীর্যক কথার তেতো স্বাদ হজম করেছে ভারতের ক্রিকেটাররা। এই বিতর্ক অনেক দূর গড়িয়েছে। যার রেশ এখনো চলছে। চ্যাম্পিয়ন হয়েও শিরোপা হাতে পায়নি তারা। মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি না হওয়ায় এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান শিরোপা রেখেছেন নিজের কাছে। এ নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বটাও বড় হয়ে যাচ্ছে দিনকে দিন। এবার সূর্যকুমারদের দেখানো পথে ভারতের নারী ক্রিকেটাররা হাঁটতে যাচ্ছেন নারী ক্রিকেট বিশ্বকাপে।

বিজ্ঞাপন

আগামী রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় নারীরা। এশিয়া কাপের মতো নারী ক্রিকেট বিশ্বকাপের এ ম্যাচে পাকিস্তানের মেয়েদের সঙ্গে হাত মেলাবে না হারমানপ্রিত কাউররা। তাদের হ্যান্ডশেক না করার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। বিসিসিআইয়ের কর্মকর্তারা শ্রীলঙ্কার ফ্লাইটে উঠার আগে ভারতের ক্রিকেটারদের জানিয়ে দিয়েছেন, টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যেন হাত না মেলায় তারা। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় নারী দল। বিসিসিআই এরই মধ্যে খেলোয়াড়দের তা জানিয়েছে। বোর্ড খেলোয়াড়দের পাশে থাকবে।’

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘বিসিসিআই সরকারের নীতির সঙ্গে একাত্ম। তাই টসের সময় হাত মেলানো হবে না, ম্যাচ রেফারির সঙ্গে কোনো যৌথ ছবি তোলা হবে না এবং খেলা শেষে হাত মেলানোও হবে না। পুরুষ দলের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয়েছে, সেটিই নারী দলের ক্ষেত্রেও কার্যকর হবে।’

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিবিসিকে নো হ্যান্ডশেকের আভাস নিয়ে বলেন, ‘ওই শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। হাত মেলানো বিষয়ে আমি এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছি না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...