বাইশ বছর অপেক্ষার পর ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জিতেছে মোহামেডান। নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ঐতিহ্যবাহী ক্লাবটি। এরই মধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে সাদা-কালো শিবির। মোহামেডানের টেকনিক্যাল কমিটির হয়ে দল গঠনের কাজ করছেন জনি, বাবলু, সালাউদ্দিনরা। চ্যাম্পিয়ন দলটিকেই ধরে রাখার লক্ষ্য মোহামেডানের।
ক্লাবটির ফুটবল কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স আমার দেশকে বলেন, ‘দল গঠন নিয়ে আমাদের টেকিন্যাল কমিটি কাজ করছে। আমরা পুরোনো টিমটিই ধরে রাখার চেষ্টা করছি।’
প্রিন্স জানান, অন্য ক্লাবের মতো অর্থ সংকটে ভুগছে মোহামেডান। তবে যে ছয় বিদেশি মোহামেডানের হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সামনের মৌসুমেও দলে রাখতে চান তারা। এ নিয়ে বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা চলছে। প্রিন্স আশা করছেন, সামনের মৌসুমে মোহামেডান শিরোপা ধরে রাখার মতো দলই গঠন করবে মোহামেডান।
গত মৌসুমে মোহামেডান দলের তেমন হাঁকডাক ছিল। মাঝারি মানের একটি দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু এবার দলবদলের নতুন মৌসুমে বিপাকে পড়েছে মোহামেডান ক্লাবটি। কেননা তাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন। গত মৌসুমে মোহামেডানকে বড় আর্থিক জোগান দিয়েছিলেন তিনি।
প্রিন্সের অভিযোগ, একমাত্র মোহামেডান ক্লাবের সভাপতি ছাড়া গোলাম মোহাম্মদ আলমগীরকে আর কেউ সহায়তা করেন না। তাই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে ফুটবল কমিটির চেয়ারম্যান পদে আবার আলমগীর ফিরে আসবেন বলে আশায় আছেন প্রিন্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

