আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সময়ে আছে বৃষ্টির ৭৮ শতাংশ সম্ভাবনা। ফলে পরিত্যক্ত হতে পারে ম্যাচ। সেই পূর্বাভাসকে সত্যি করে মাঠে খেলা গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ। আগের দুই ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। ফলে ম্যাচটি পরিণত হয়েছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় কোনো দলকেই খালি হতে ফিরতে হলো না। নামের পাশে যোগ হয়েছে একটি করে পয়েন্ট।
আনুষ্ঠানিকতার এই ম্যাচে যে দল হারত, তাদের শূন্য হাতে ফিরতে হতো। প্রকৃতির কল্যাণে বাংলাদেশ বা পাকিস্তান- কাউকেই শূন্য হাতে ফিরতে হলো না। সঙ্গে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করেছে বাংলাদেশ। তবে এভাবে পয়েন্ট পাওয়ায় মোটেও খুশি নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বেশ হতাশ। আমরা আসলে ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার ওপর তো আর আমাদের হাত নেই।’
ভারত ও নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে এতেও খানিকটা সন্তুষ্টি খুঁজে নেওয়ার চেষ্টা ছিল অধিনায়কের কথায়। তিনি বলেন, ‘দুই ম্যাচে আমরা যেভাবে খেলা ধরে রেখেছিলাম, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি, এখানে করা ভুলগুলো শুধরে নেব। আমাদের সঠিক প্রস্তুতি নিতে হবে এবং সে অনুযায়ী এগোতে হবে।’ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে হয়েছে বেশ প্রশংসা। ছিটকে যাওয়ার দিনে শান্তর কাছে ফের প্রশ্ন করা হয় বোলিং ইউনিট নিয়ে। এবারও প্রশংসা করে শান্ত বলেন, ‘আমরা সব সময় পেস বোলিং ইউনিট নিয়ে সংগ্রাম করতাম। তবে শেষ কয়েক বছরে অনেক পেসার এসেছে। এদের মধ্যে অনেকে দারুণ করছে। অধিনায়ক হিসেবে এটা আমার জন্য খুশির খবর।’
বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করবেন- এমনটা আশা করে শান্তর ভাষ্য, ‘আমাদের বোলিং আক্রমণ এখন দারুণ। আশা করি, তারা পরিস্থিতি বুঝে সঠিক কাজ করবে এবং দলের জন্য সেরাটা দেবে।’ বোলারদের প্রশংসার পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে মাঝের ওভারে রান তোলার ব্যর্থতার কথাও আসে। মূলত স্ট্রাইক রোটেশনের ব্যর্থতার কারণে মাঝের ওভারে ঠিকঠাক রান তুলতে পারেনি বাংলাদেশ। এ বিষয়ে শান্ত বলেন, ‘আমাদের নেটে এটা নিয়ে অনুশীলন করতে হবে। আমাদের স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি, ছেলেরা ব্যাপারটা বুঝতে পেরেছে আমাদের কী করতে হবে।’
অন্যদিকে ম্যাচ খেলতে না পারায় শান্তর মতো হতাশ পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। তিনি বলেন, ‘আমরা ভালো খেলতে চেয়েছি এবং দেশের জন্য পারফর্ম করতে চেয়েছি। প্রত্যাশা অনেক বেশি ছিল। সেটা পূরণ করতে পারিনি এবং এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। আশা করি, এখান থেকে আমরা শিখতে পারব।’ পাশাপাশি টুর্নামেন্টের এই ব্যর্থতার জন্য ক্রিকেটারদের ইনজুরিকেও দায় দিয়েছেন রিজওয়ান। তার কথায়, ‘দল দারুণ ছন্দে ছিল। এরপরই হুট করে ইনজুরি হানা দিয়েছে। এটা আমাদের জন্য হতাশার ছিল। ফখর জামান ও সাইম আইয়ুব ইনজুরিতে আছে। এটা আমাদের জন্য হতাশার ছিল। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি।’ এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল রিজওয়ানের কণ্ঠে। তার কথায়, ‘আমরা হতাশ এবং এই বাজে পারফরম্যান্সের দায় আমাদের। আশা করি, কঠোর পরিশ্রম করে আমরা আবার ঘুরে দাঁড়াব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

