বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় চিঠি পাঠিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে বলেছিলেন। আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া সেই চিঠিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে একটি পক্ষ। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সম্ভাব্য কাউন্সিলররা এক হয়ে এই রিট আবেদন করেছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন, বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ।
তিনি জানান, গত ১ সেপ্টেম্বর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিল বিসিবি। ১৭ তারিখ পর্যন্ত যা হয়েছে সবই বিসিবির গঠনতন্ত্র মোতাবেক হয়েছে। এরপরেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় চিঠি দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার কথা বলেছেন। এমন কী সেখানে অ্যাডহক কমিটি থেকে দেওয়ার বাধ্যবাধকতা আছে বলেও জানানো হয় ওই চিঠিতে।
তিনি আরও জানান, বিসিবির গঠনতন্ত্রের কোথাও বলা নেই, কমিটির মধ্য থেকে কাউন্সিলর দিতে হবে। ডিসি চাইলে যে কাউকে কাউন্সিলর মনোনয়ন দিতে পারেন।
এই কারণেই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার বিকাল চারটার মধ্যে রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রায় দিবে বলে আশাবাদী আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

