আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’ তবে বাংলাদেশ দলটি শিরোপা জয়ের মতো দল নয় বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি জানান, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়। এ কথাটি হার্শ শোনাতে পারে। তবে বাংলাদেশ ভালো ও ব্যালান্সড দল। দলটি বড় দলকে হারানোর ক্ষমতা রাখে।
৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ শক্ত গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আয়োজক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। এই প্রতিপক্ষগুলোকে হারিয়ে নকআউট পর্বেও বাংলাদেশকে দেখছেন না ডি ভিলিয়ার্স। তার মতে, বাংলাদেশ টুর্নামেন্টে আপসেট ঘটানোর সক্ষমতা রাখে। অর্থাৎ বাংলাদেশ গ্রুপপর্বে শক্তিশালী তিন প্রতিপক্ষের একটিকে হারিয়ে দিতে পারে। ভিলিয়ার্স জানান, নাজমুল হোসেন শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন। দারুণ ধারাবাহিক এই অধিনায়ক। দলে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও আছেন। সব মিলিয়ে দলটি বেশ ব্যালান্সড। পেস আক্রমণে বাংলাদেশের ডানহাতি বোলার তাসকিন দুর্দান্ত ফর্মে আছেন। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজও ভালো খেলছেন। মুশফিকের সঙ্গে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ দারুণ ক্রিকেটার আছেন। তবুও বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না ভিলিয়ার্স।
তিনি জানান, বাংলাদেশের দর্শকরা তার কথায় মন খারাপ করতে পারেন। তারপরও সত্যটাই বলে দিয়েছেন তিনি। তবে বড় দলের বিপক্ষে জয় পাওয়ার সক্ষমতা দলটির আছে। এর আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। টুর্নামেন্টের অন্য দলগুলোর তুলনায় পিছিয়ে বাংলাদেশ। পন্টিংয়ের এমন মন্তব্যের পর চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোনো কথাই বলতে রাজি হননি বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে বাংলাদেশ দলটিকে ঘিরে বেশ আশাবাদী বিসিবি পরিচালক, ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, বাংলাদেশ বেশ উন্নতি করেছে। মাঠে পার্থক্য গড়বেন ক্রিকেটাররা। পন্টিংয়ের অনুমান ভুল প্রমাণ করবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

