অনূর্ধ্ব-২০ নারী সাফ

বাংলাদেশের সামনে নেপাল চ্যালেঞ্জ

বাংলাদেশের সামনে নেপাল চ্যালেঞ্জ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে নেপালকে। টুর্নামেন্টে মিশন শুরুর আগে নেপাল দলের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা শিরোপা জেতার জন্যই এই সাফে খেলছে। প্রত্যাশা করা হচ্ছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে একমাত্র নেপালই চ্যালেঞ্জ জানাতে পারে। এরই মধ্যে ভুটানের বিপক্ষে ৬-১ গোলে জিতে নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণও দিয়েছে দলটি। এই নেপালের বিপক্ষেই আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। একই দিন বেলা ৩টায় পরস্পরের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছে বাংলাদেশ। এই জয়টি নারী ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। নেপালের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা। বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমাদের টার্গেট জেতা, যেভাবেই হোক। এই টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা মাঠে নামব জেতার জন্য।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে কর্দমাক্ত ও ভারী মাঠে বাড়তি শ্রম দিয়ে খেলতে হয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের। তাই নেপাল ম্যাচের আগের রিকভারি সেশনে সময় কাটান তারা। এরপর সন্ধ্যায় নেপাল ম্যাচে ভিডিও বিশ্লেষণ করেছে বাংলাদেশ। নেপালকে শক্ত প্রতিপক্ষ ভাবছেন বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ।

তিনি বলেন, ‘কোনো দলকেই আমরা ছোট করে দেখছি না। প্রত্যেকটি দলকেই অনেক শক্তিশালী ভাবছি। আমরা আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা- সেটি প্রমাণ করে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই টুর্নামেন্টে নামছি। নেপাল কোনোভাবেই দুর্বল টিম নয়। ওরা অনেক শক্ত টিম, আমাদের প্রধান প্রতিপক্ষ এ টুর্নামেন্টে। আমরা আমাদের শতভাগ দিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরতে চাই।’

চার দলের টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ নেই। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন