চ্যাম্পিয়ন্স ট্রফি

যে কারণে হচ্ছে না অধিনায়কদের অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক

যে কারণে হচ্ছে না অধিনায়কদের অনুষ্ঠান

যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগে ক্যাপ্টেন্স ইভেন্ট এবং ফটোশুটের ব্যবস্থা থাকে। যদিও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এর কোনোটাই থাকছে না। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

মূলত কোনো টুর্নামেন্টের আগে সব অধিনায়কদের এক করতেই ক্যাপ্টেন্স ইভেন্টের আয়োজন করা হয়। তবে অধিনায়কদের সময়মতো না পাওয়ার কারণেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে শোনা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কদের অনুষ্ঠানে হাজির হতে পাকিস্তান যাবেন রোহিত শর্মা। যদিও সেটা আর হচ্ছে না। ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্যাপ্টেন্স ইভেন্টে অংশ নিতে পাকিস্তান যাবেন না তারকা ব্যাটার।

রোহিতের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়ককেও সময়মতো পাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ এবং পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবি। নতুন সূচি অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান যাবে ইংলিশরা। অন্যদিকে তার পরদিন পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া। অথচ সেরা আট দলের টুর্নামেন্টটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

ক্যাপ্টেন্স ইভেন্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও থাকছে না। যদিও এই ইস্যুতে বিকল্প পথে হাঁটবে পিসিবি। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সেই উপলক্ষ্য রাঙাতে ১৬ ফেব্রুয়ারি লাহোরে অনানুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চায় তারা। এজন্য আইসিসির সহযোগিতা কামনা করছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়টি নিয়ে পিসিবিরি এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, ‘আইসিসির অনুষ্ঠান না হলেও আমরা অনানুষ্ঠানিকভাবে একটা অনানুষ্ঠানিকভাবে একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করব। আশা করছি আইসিসি সেই অনুষ্ঠানটিকে সমর্থন করবে। আমরা আশাবাদী, উদ্বোধনী অনুষ্ঠানটিতে আইসিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন