অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

দীর্ঘ এক শতাব্দী পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সূচিতে বড় পরিবর্তন এনেছে আইসিসি। সম্প্রতি সদস্য দেশগুলোর সঙ্গে ভাগ করা হালনাগাদ সূচি অনুযায়ী, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব হবে ২০২৮ সালের একেবারে শুরুতেই।

পূর্বে ২০২৭ সালে এই অলিম্পিক বাছাইপর্ব আয়োজনের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে অলিম্পিক শুরু হওয়ার ছয় মাসেরও কম সময় আগে নির্ধারণ করা হয়েছে। তবে পুরুষ ও নারী উভয় বিভাগের এই চূড়ান্ত বাছাইপর্বের ভেন্যু এখনো ঘোষণা করেনি আইসিসি।

বিজ্ঞাপন

মূল অলিম্পিক আসরে পুরুষ ও নারী দুই বিভাগেই মাত্র ৬টি করে দল অংশ নেবে। মূল পর্বের লড়াইয়ে পৌঁছাতে আয়োজিত হবে ৮ দলের বিশেষ বাছাইপর্ব। সরাসরি স্থান পাওয়া দলগুলোর বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ৭টি দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল নিয়ে এই ৮ দলের বাছাইপর্ব হবে।

১৯০৪ সালের পর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় স্বাগতিক দেশ হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পেতে পারে। তবে তার জন্য মানতে হবে আইসিসির বিশেষ শর্ত। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে অন্তত একবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ১৫-এর মধ্যে থাকতে হবে।

আইসিসির এই হালনাগাদ রোডম্যাপে অলিম্পিকের সঙ্গে আরো কয়েকটি বড় টুর্নামেন্টের তথ্য রয়েছে। ২০২৮ সালে নারী ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সঙ্গে ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখও চূড়ান্ত করা হয়েছে। ইংল্যান্ডের মাটিতে ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন হবে টেস্ট ক্রিকেটের এই মহারণ। অলিম্পিক ও বৈশ্বিক টুর্নামেন্টগুলোর এই নতুন সূচি বিশ্ব ক্রিকেটে নতুন উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন