সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

টাইব্রেকারে বাংলাদেশের হৃদয় ভাঙল ভারত

টাইব্রেকারে বাংলাদেশের হৃদয় ভাঙল ভারত

২০১৫ সালের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দেশের ছেলেদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল ভারত। এবার ফাইনালে সেই ম্যাচই যেন পুনর্মঞ্চায়ন করল স্বাগতিকরা। ভারত ফের হৃদয় ভাঙল লাল-সবুজের প্রতিনিধিদের। টাইব্রেকারের রোমাঞ্চ শেষে বাংলাদেশকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেল ভারত। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১-১ গোলের অমীমাংসিত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

বিজ্ঞাপন

আজ রোববার অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক ভারত শুরু থেকেই আক্রমণে চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশের বিপক্ষে। ছন্দময় ফুটবলের পসরা সাজিয়ে নাজেহাল করে ছেড়েছে অতিথিদের। যার ফল তারা পেয়েছে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। অধিনায়ক সিঙ্গামায়ুম শামির গোলে এগিয়ে যায় আয়োজকরা।

প্রায় মাঝ-মাঠ থেকে দারুণ এক ফ্রি কিক নেন ভারতের এ মিডফিল্ডার। তার পা ছুঁয়ে উড়ে যাওয়া বল বোকা বানায় বাংলাদেশের গোলপোস্টের প্রহরীকে। খানিকটা এগিয়ে আসায় ভুলটা করে ফেলেন গোলরক্ষক। পরে পিছিয়ে গিয়ে লাফিয়ে উঠেও বল রুখতে পারেননি দেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। ম্যাচ শুরু হতে না হতেই বল জালে জড়ায়। তাতে উচ্ছ্বাসে ভেসে যায় ভারতীয় ডাগআউট। স্বাগতিক দর্শকেভরা গ্যালারিতে বইয়ে যায় উদযাপনের ঢেউ।

ম্যাচের বয়স বাড়তেই হাঁপিয়ে উঠে দুর্দান্ত শুরু করা ভারতীয় ফুটবলাররা। এই সুযোগে খেলায় ফেরে নাজমুল হুদা ফয়সালের দল। গোলের দুর্দান্ত কিছু সুযোগ তৈরিও করেছিল। কিন্তু কাজে আসেনি প্রথমার্ধের সেই গোলপ্রচেষ্টাগুলো। তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল দখলে নিতে ভারতের গোলপোস্টের সামনে জটলা তৈরি হয়। সেখান থেকে স্বাগতিক ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জাল কাঁপিয়ে বাংলাদেশের ডাগআউটে স্বস্তির পরশ এনে দিয়েছিলেন জয় আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন