আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবেন লিওনেল মেসি। এশিয়ান দেশটিতে এসে একটি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা আছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমনটাই জানিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের আরেক জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সফরে দিল্লি, কলকাতা ও মুম্বাই ভ্রমণ করবেন মেসি। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা তারকা ফরোয়ার্ডের। সেখানে ভারতের তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি।
সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ’১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। তার একটি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। যেখানে ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা থাকবেন। আয়োজকরা এখনও সবকিছু চূড়ান্ত করেনি। সূচি চূড়ান্ত হলে প্রকাশ করা হবে।’
প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মেসিকে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে। সে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এটা হবে মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো দেশটিতে ভ্রমন করেছিলেন ইন্টার মিয়ামি তারকা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

