ইয়ামালের জোড়া গোল

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছে স্পেন। এমএইচপি অ্যারেনায় স্প্যানিশদের জয়ের নায়ক লামিনে ইয়ামাল। জোড়া গোল করেছেন সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী এই তরুণ উইঙ্গার। এছাড়া একবার করে জালের দেখা পান নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও পেদ্রি।

বিজ্ঞাপন

হারলেও ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। ৫৭ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৪টি শট নেয় তারা। এর মধ্যে নয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১৬ শটের মধ্যে আটটি লক্ষ্যে রাখতে পেরেছে স্পেন। এর মধ্যে পাঁচটিই গোলে পরিণত করে ইউরোপিয়ান জায়ান্টরা।

ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে ছিল স্পেন। কার্যত তখনই ম্যাচ থেকে ছিটকে যায় ফ্রান্স। বাকি সময়ে চেষ্টা করলেও সেটা কোনো কাজে আসেনি। ২২তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো ফরাসিদের গোলমুখ খোলেন উইলিয়ামস। তিন মিনিটের মাথায় ব্যবধান বাড়ান মেরিনো। ৫৪ ও ৫৫ মিনিটে স্কোরশিটে নাম লিখান ইয়ামাল ও পেদ্রি। ৫৯ মিনিটে ফ্রান্সের হয়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে৷

আট মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোলের দেখা পান ব্যালন ডি'অরের দৌঁড়ে থাকা ইয়ামাল। ৭৯ মিনিটে চেরকির গোলে আরেকদফা ব্যবধান কমায় ফ্রান্স। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে ভিভিয়ানের আত্মঘাতি গোলে স্কোরলাইন ৫-৩ হয়। যোগ করা সময়ে কোলো মুয়ানির গোল কেবল আফসোসই বাড়িয়েছে ফ্রান্সের।

এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। আগামী ৯ জুন ফাইনালে তাদের মুখোমুখি হবে স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন