সিঙ্গাপুরের কাছে হারের পর সমালোচনার মুখে পড়া বাংলাদেশ জাতীয় দলের কোচ কাবরেরার প্রতিই আস্থা রাখছে বাফুফে। নতুন কোচের সন্ধান না পাওয়া পর্যন্ত কাবরেরাই দায়িত্ব পালন করে যাবেন। গতকাল শনিবার বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
তবে সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার জন্য কাবরেরার কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফে কার্যনির্বাহী কমিটির একজন সদস্য কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন। তবে এখনই কোচকে বিদায় করে দেওয়ার পক্ষে নন বাফুফে সভাপতি। মানসম্মত ভালো কোচ পাওয়া যাচ্ছে না। যদি ভালো মানের কোচ পাওয়া যায়, তখন কাবরেরা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সূচি (৬ ও ৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে নেপাল। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও নেপালের বিপক্ষেই আসন্ন ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ- এটা প্রায় নিশ্চিত। এখন আনুষ্ঠানিক ঘোষণা আসার বাকি মাত্র। অন্যদিকে, সেপ্টেম্বরেই বাংলাদেশের সামনে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই রয়েছে।
এ সময় কোচ কাবরেরা জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকবেন। তাই বয়সভিত্তিক দলের জন্য দেশি কোচ নিয়োগ দেবে বাফুফে। মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর মধ্যে কাউকে বেছে নেওয়া হবে।
তা ছাড়া অনূর্ধ্ব-২৩ দলের জন্য বছরে কোটি টাকার বেশি খরচ করে বাফুফে। আগামী কয়েক মাসের মধ্যে ফর্টিজে ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেখানে ফুটবল দলের ক্যাম্প করার বিষয়ে সভায় ইতিবাচক আলোচনা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

