পুরুষদের এককে বিশ্বরেকর্ড আগেই করে ফেলেছেন। নোভাক জোকোভিচ জিতে নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। নারী-পুরুষ একক মিলিয়ে সর্বাধিক মেজর ট্রফি জয়ের বিশ্বরেকর্ডটা এবার মেলবোর্নেই করে ফেলতে চেয়েছিলেন। কিন্তু নাহ! এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও হতাশ হতে হলো এই সার্বিয়ান সুপারস্টারকে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হলো না জোকোভিচের। পারলেন না নতুন ইতিহাস লিখতে। জোকোভিচ পারলেন না গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে সর্বকালের সেরা হতে।
জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন মাথার ওপর উঁচিয়ে ধরে উল্টো নতুন ইতিহাস রচনা করেছেন কার্লোস আলকারাজ। অধরা অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করে কীর্তি গড়েছেন স্প্যানিশ তারকা। স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড গুঁড়িয়ে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার স্ল্যাম জয়ের চক্র পূর্ণ করে ফেললেন ২২ বছরের আলকারাজ। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির মালিক আলকারাজ এর আগে দুবার করে ঘরে তুলেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনের শ্রেষ্ঠত্ব।
রোমাঞ্চ ও শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে জিতে ফাইনালে নাম লিখেছিলেন আলকারাজ ও জোকোভিচ। কিন্তু তাদের শিরোপা নির্ধারণী ম্যাচটি প্রত্যাশা পূর্ণ করতে পারেনি। ব্রেক পয়েন্ট পেয়েছেন এক-দুটি করে। তবে যার যার সার্ভিস পয়েন্ট অক্ষণ্ণ রেখেছিলেন তারা। ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছেন ৩৮ বছরের জোকোভিচ। প্রথম সেট ৩৩ মিনিটেই জিতে যান ৬-২ গেমে। দ্বিতীয় সেটে হলো ঠিক তার উল্টো। এবার ঘুরে দাঁড়িয়ে ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে যান আলকারাজ।
তৃতীয় সেটে আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে সেটটি জিততে ৫১ মিনিট লেগেছে তার। শেষ গেমে চারটি ব্রেক পয়েন্ট বাঁচান গ্র্যান্ড স্ল্যাম জয়ে সর্বকালের সেরা পুরুষ খেলোয়াড় জোকোভিচ। শেষ সেটে লড়াই জমে উঠেছিল। রড লেভার অ্যারেনায় এক ঘণ্টা দুই মিনিটের লড়াই শেষে ৭-৫ গেমে জিতে প্রথমবার নরমান ব্রুকস চ্যালেঞ্জ কাপ জড়িয়ে ধরে আদুরে চুমু দেন আলকারাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

