তামিমের আচরণে হতাশ হেলস

স্পোর্টস রিপোর্টার

তামিমের আচরণে হতাশ হেলস

বিপিএলে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে তিন উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নেয় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে জয়ী দলের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান তামিম ইকবাল। বরিশাল অধিনায়কের এমন আচরণে রীতিমতো হতাশ হেলস।

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬ রান। তিনটি করে চার ও ছয়ের সাহায্যে এই কঠিন সমীকরণ মেলান রংপুর দলপতি নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দন করছিলেন ঠিক তখনই তামিম ও হেলসের মধ্যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। হেলস ইঙ্গিত করে কিছু একটা বলায় মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। ইংলিশ ওপেনারের দিকে এগিয়ে গিয়ে তামিম বলেন, ‘কিছু বলার থাকলে মুখে বলো। এমন অঙ্গভঙ্গি করছো কেন? বি আ ম্যান।’ তামিমের এসব কথার জবাব দেন হেলস। এভাবেই দুজনের মধ্যে তর্ক লেগে যায়।

যদিও সে তর্ক বেশিদূর গড়ায়নি। তামিমকে টেনে নিয়ে যান শাহনিয়ান তানিম। অন্যদিকে হেলসকে ফেরান রংপুরের স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।

পরবর্তীতে গণমাধ্যমকে ওই ঘটনার বিস্তারিত বলেন হেলস, ‘আমার মনে হয় ম্যাচ হারায় তামিম হতাশ ছিল। সে আমার কাছে এসে বলে, আমি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য ক্রিকেট থেকে কিছুদিন নিষিদ্ধ ছিলাম। তামিম ওই বিষয়টা নিয়েও কথা বলেছে। সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। যা খুবই লজ্জাজনক ব্যাপার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: