নেতোর জোড়া গোলে এভারটনকে হারাল চেলসি

নেতোর জোড়া গোলে এভারটনকে হারাল চেলসি

প্রিমিয়ার লিগে সহজ জয় পেল চেলসি। দ্বিতীয়ার্ধের শুরু ও শেষ মুহূর্তের গোলে এভারটনকে গতকাল ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা। চেলসির জয়ের নায়ক পেদ্রো নেতো, দুটি গোলই এসেছে তার পা থেকে। বিরতির পরপরই প্রথম গোল করেন নেতো, যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পর্তুগিজ উইঙ্গার।

হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ উত্তেজনাপূর্ণ। দুদলই গোলের সুযোগ তৈরি করলেও বিরতির আগে জালের দেখা পায়নি কেউ। এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে কয়েকবার পরীক্ষায় ফেলেছে চেলসি। অন্যদিকে স্বাগতিকদের আক্রমণও সামাল দিতে হয়েছে সফরকারীদের। প্রথমার্ধে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, হলুদ কার্ডও দেখান রেফারি।

বিজ্ঞাপন

বিরতির পরপরই জোরালো আক্রমণে গোল পেয়ে যায় চেলসি। বাঁ দিক দিয়ে জোরে উঠে বল কাটব্যাক করেন জোরেল হাটো, সেখান থেকে নেতোর শট এভারটনের রক্ষণভাগের খেলোয়াড় ভিতালি মাইকোলেঙ্কোর পায়ের ফাঁক গলে জালে জড়ায়। গোলরক্ষক পিকফোর্ড বলের নাগাল পেলেও ঠেকাতে পারেননি।

ম্যাচের ৬৭ মিনিটে অবশ্য বড় ধাক্কা খায় চেলসি। নিজেদের পেনাল্টি এলাকায় বল ক্লিয়ার করতে গিয়ে এভারটনের জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে মাথায় আঘাত পান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চিকিৎসার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়। ব্র্যান্থওয়েট অবশ্য চিকিৎসা নিয়ে খেলায় ফেরেন।

এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও চেলসির রক্ষণ ভাঙতে পারেনি এভারটন। যোগ করা সময়ে আবারও গোল করেন নেতো। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন