আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে অভিনব এক সম্মাননা জানানো হয়েছে। সেটা আবার ফুটবল, বিজ্ঞান ও প্রকৃতিকে এক সুতোয় গেঁথে। চলতি মাসেই জাতীয় দল থেকে তার অবসরের পর, পেরুর আন্দিজ পর্বতমালায় সম্প্রতি আবিষ্কৃত নতুন একটি সুগন্ধি গাছের নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পেরুর দক্ষিণ-মধ্য অঞ্চলে সমতলভূমি থেকে প্রায় ২ হাজার ৪০০ মিটার উঁচুতে পাথুরে ঢালে জন্ম নেওয়া এই উদ্ভিদটি এতদিন বিজ্ঞানীদের কাছে অচেনা ছিল।
রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি অব লন্ডনের পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ ও উদ্ভিদ প্রজননবিদ রোলান্দো উরিয়া অনলাইনে পেরুর উচ্চভূমির একটি উদ্ভিদের ছবি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তী সময়ে তিনি লিমার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পেরুভিয়ান উদ্ভিদবিদ পল গঞ্জালেস এবং জীববিজ্ঞানী জ্যঁ কাপচা রামোসের সঙ্গে মিলে একটি গবেষণা দল গঠন করেন। দীর্ঘ গবেষণা ও দুর্গম অঞ্চলে অভিযানের পর তারা নিশ্চিত হন যে, দেড় মিটার পর্যন্ত উঁচু শক্তপোক্ত এই গুল্মজাতীয় উদ্ভিদটি এর আগে কেউ শ্রেণিবদ্ধ করেনি।
লাতিন ব্যাকরণগত নিয়ম অনুসরণ করে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নামে প্রজাতির নামকরণের সময় শেষে একটি ‘আই’ যোগ করা হয়, যার অর্থ ‘মেসির উদ্ভিদ’। ল্যামিয়াসি —যাতে তুলসী ও পুদিনার মতো গাছ রয়েছে—এই পরিবারের অন্তর্ভুক্ত এই গাছের ফুলের পাপড়িতে সাদা ও হালকা নীলের এক অনন্য মিশ্রণ রয়েছে, যা দেখতে অবিকল আর্জেন্টিনা দলের জার্সির রঙের মতো। গবেষকদের মতে, প্রকৃতি যেন শেষ পর্যন্ত সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে আন্দিজের জীববৈচিত্র্যের সঙ্গে যুক্ত করে এক টুকরো ‘আর্জেন্টাইন পোস্টকার্ড’ উপহার দিয়েছে।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতার নামে নতুন প্রজাতির নাম যুক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও তার বর্ণিল ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের নামকরণ করা হয়েছেÑ ছত্রাক: ‘সেরকোপেমসেস মেসি’ (আর্জেন্টিনার সালভায় আবিষ্কৃত), মাকড়সা: ‘আকান্থোগোনাটাস মেসি’ (পাতাগোনিয়ান প্রজাতি), টিকটিকি: ‘লিওলায়েমুস মেসি’ (পুনা অঞ্চল), প্রাগৈতিহাসিক শকুন: ‘ভালচার মেসি’ (আন্দেজ অঞ্চল) ও খোলসি প্রাণী: ‘ডিস্কনিস্কা মেসি’ (ঝিনুকের মতো দেখতে প্রাগৈতিহাসিক প্রাণী)।
দেশের জার্সি থেকে বিদায় নিলেও ৩৯ বছর বয়সি লিওনেল মেসি বর্তমানে ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এবং মাঠ মাতাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

