মিরডিংকের জোড়া গোলে নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

মিরডিংকের জোড়া গোলে নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

নেদারল্যান্ডসের ডাগআউটে প্রথম জয়ের দেখা পেলেন স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। বেলগ্রেডে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে মেক্স মিরডিংকের জোড়া গোলে সার্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডাচরা।

বিজ্ঞাপন

জার্মানির বিপক্ষে আগের ম্যাচে হারতে হারতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার পর স্বস্তি পেয়েছিলেন জাভি। এবার অবশ্য আর পয়েন্ট ভাগাভাগি নয়, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরেছে তার দল।

এজেড অ্যালকমারের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড মিরডিংক প্রথমবারের মতো নেদারল্যান্ডসের শুরুর একাদশে জায়গা পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ৩০তম মিনিটে আত্মবিশ্বাসী ফিনিশিংয়ে পেনাল্টি থেকে গোল করে ডাচদের এগিয়ে দেন তিনি।

বিরতির পর অবশ্য দ্রুতই সমতায় ফেরে সার্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৬তম মিনিটে গোল করেন লুকা জোভিচ। ১-১ সমতায় ম্যাচ যখন জমে উঠেছে, তখন আবারও নেদারল্যান্ডসের ত্রাতা হয়ে হাজির মিরডিংক।

৬৯তম মিনিটে রুবেন ফন বোমেলের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।

নেদারল্যান্ডসের দুই ম্যাচে দুটিতেই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফন বোমেলের। প্রথম ম্যাচে কডি গাকপোর সমতাসূচক গোলেও অ্যাসিস্ট করেছিলেন তিনি। এবার তার পাস থেকেই আসে জয়সূচক গোল।

এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ-২-এর দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। জার্মানিকে ১-০ গোলে হারানো গ্রিস দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান দুই ম্যাচে জার্মানির সংগ্রহ ১ পয়েন্ট, অবস্থান তৃতীয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন