তৃতীয় বিভাগ বাছাই লিগে ৬০ দল!

তৃতীয় বিভাগ বাছাই লিগে ৬০ দল!

দায়িত্ব নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন তৃতীয় বিভাগ বাছাই লিগে এন্ট্রি ফি কমিয়ে আনবেন। সেই কথা রেখেছেন ফারুক আহমেদ। তৃতীয় বিভাগ বাছাইয়ে এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে আনা হয়েছে এক লাখ টাকায়। পাশাপাশি বাতিল করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকার বাধ্যবাধকতা। তাতে তৃতীয় বিভাগ বাছাই লিগে বেড়েছে দলগুলোর অংশগ্রহণ। চলতি বছর তৃতীয় বিভাগ বাছাই লিগে অংশ নেবে ৬০ দল। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় বিভাগ বাছাই লিগ শুরুর কথা জানায় সিসিডিএম। এবারের বাছাই লিগে অংশ নেবে ৬০ দল। তবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ফরম তুলেছিল ৯৫টি ক্লাব। তবে শেষ পর্যন্ত এন্ট্রি ফিসহ ৬২ ক্লাব ফরম জমা দেয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৬০টি দলকে তৃতীয় বিভাগ বাছাই লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ৪৮ দল নিয়ে তৃতীয় বিভাগ বাছাই লিগ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত ৬০ দলকে সুযোগ দিয়েছে সিসিডিএম। ঢাকার ক্রিকেটের লাল বলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী সপ্তাহে। এখনো তারিখ চূড়ান্ত করেনি বিসিবি।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালে সবশেষ তৃতীয় বিভাগ বাছাই লিগে এতগুলো দল অংশ নিচ্ছে। শেষ ১০ বছরে তৃতীয় বিভাগ বাছাই লিগে দুটির বেশি দল অংশ নেয়নি। মূলত এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা থাকায় এই লিগে অংশ নিতে পারেনি দলগুলো। এবার টাকার অঙ্ক কমিয়ে ফের উন্মুক্ত করে দেওয়া হলো তৃতীয় বিভাগ বাছাই লিগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন