এশিয়ান ফুটসাল বাছাই পর্বের অভিষেক ম্যাচে হারল বাংলাদেশ। গতকাল মালয়েশিয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে হেরে নতুন যাত্রা শুরু হয়েছে তাদের। জানাই ছিল, বিশ্ব র্যাংকিংয়ে পাঁচ নম্বরে থাকা ও ১৩ বারের শিরোপা জয়ী ইরানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। হারলেও ম্যাচে ভালো লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে কোনো গোল করতে না পারার হতাশা থাকছে তাদের।
প্রথমবারের মতো এশিয়ান পর্যায়ে বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্ব দেন কানাডা প্রবাসী রাহবার খান। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ৬-০ গোল হজম করে। পরের অর্ধে আরো ৬টি গোল করে ইরান। ফুটসালে সবকিছু বিবেচনায় বাংলাদেশ লড়াই করেছে। ইরানি কোচ সাঈদ খোদারাহমির অধীনে খেলছে বাংলাদেশ।
আগামীকাল ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। ২৪ সেপ্টেম্বর গ্রুপে পর্বে তাদের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। বাছাই পর্বে আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল ২০২৬ সালে এশিয়ান কাপ ফুটসালের চূড়ান্ত পর্বে খেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

