দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। এবার অস্ট্রেলিয়াকে হারাতে প্রস্তুত হাসমতউল্লাহ শাহিদির দল।
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। শেষ চারে যেতে চাইলে ম্যাচটিতে জিততেই হবে তাদের। তাই ইংল্যান্ডকে হারানোর পর খুব বেশি উদযাপন না করে শিষ্যদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট।
গণমাধ্যমকে ট্রট বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেবে না। আমার মনে হয়, আমরা যেসব ম্যাচ খেলতে যাচ্ছি তার প্রতিটাই প্রতিযোগিতামূলক হতে চলেছে। আমরা প্রতিটি ম্যাচই জেতার আশা করি।’
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, ‘ছেলেরা জয় উদযাপন করছে। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য প্রস্তুত হয়েই ঘুম থেকে উঠবে। জেগে ওঠার সাথে সাথেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার দিকে মনোযোগ দেবে ‘
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল আফগানিস্তান। যদিও গ্লেন ম্যাক্সওয়েল বাধা হয়ে দাঁড়ানোয় শেষ পর্যন্ত হারতে হয় তাদের। এছাড়া সবশেষ কয়েকটি ম্যাচেও অজিদের বিপক্ষে দারুণ লড়াই করেছে। যেটা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ট্রটকে, ‘আমি কোচ হওয়ার পর আফগানিস্তান তিনবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে। প্রতিটি ম্যাচেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই পরিসংখ্যান থেকে আমাদের এটি থেকে অনেক আত্মবিশ্বাস নেওয়া উচিত। আমি অবশ্যই মনে করি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে যা ঘটেছিল, এবং আমি খেলোয়াড়দেরও বলেছি, আফগানিস্তানকে আর কখনও হালকাভাবে নেওয়া হবে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

