এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে ছিল আর মাত্র ২০ সেকেন্ড বাকি। আর প্রয়োজন ছিল একটি গোল। সেই দরকারি সময়ে বাংলাদেশকে গোল উপহার দেন ফজলে রাব্বি। গোল হতেই দেশের ডাগ আউট ভেসে যায় উচ্ছ্বাসের জোয়ারে। এই গোলেই জয় ছিনিয়ে নিয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে দুদলের কেউই গোলের সন্ধান পায়নি। ম্যাচের ২৫ মিনিটে ওবায়দুল ইসলাম জয় ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন। তিন মিনিট বাদে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে খেলায় ফেরে স্বাগতিক ইন্দোনেশিয়া।
তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে ইন্দোনেশিয়া আরেক গোল করে সমতায় ফেরে। পরে দুদলই ম্যাচের ভাগ্য নির্ধারণের আপ্রাণ চেষ্টা চালায়। তবে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশই।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ধসিয়ে দিয়েছে পুষ্কর খীসা মিমোরা। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে ৫-১ গোলে জিতেছে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

