জাতীয় অ্যাথলেটিকস

উৎসবের আমেজ না থাকায় হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

উৎসবের আমেজ না থাকায় হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

গতকাল ট্র্যাকে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। বরাবরের মতো এখানে ছিল না কোনো উৎসবের আমেজ। সারা দেশ থেকে অ্যাথলেটিকসের তেমন কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। স্বল্পসংখ্যক অ্যাথলেটদের নিয়ে ট্র্যাকে গড়িয়েছে এ আসর। বলতে গেলে, একরকম দর্শকবিহীন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতার। জাতীয় টুর্নামেন্ট বলা হলেও সেটি শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিযোগিতার পরিসর হয়নি বড়। এ কারণে ক্রীড়া আসরটি উদ্বোধন করে হতাশার কথাই জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সমালোচনা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ করার কথা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ করার কথা ছিল। আমাদের বিভিন্ন বাহিনীর সবার এখানে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আমি একটু হলেও আজকে হতাশ হয়েছি।’

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় উৎসবের আমেজ না থাকায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে ভবিষ্যতে এমনটা এড়ানোর পরামর্শও দিয়েছেন আমিনুল হক, ‘এই হতাশা আমি এর জন্য প্রকাশ করছি, যাতে ভবিষ্যতে এই অ্যাথলেটদের যারা দায়িত্ব গ্রহণ করবেন বা যারা দায়িত্ব আছেন, এই জাতীয় যে শব্দটি আমরা ব্যবহার করেছি। জাতীয়ভাবে যেন উৎসবের পরিবেশ থাকে এই ক্রীড়া আসরে।’

সামনে দর্শকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করতে চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশা করেছিলাম, সারা দেশ থেকে অ্যাথলেটিকসহ যারা বিভিন্ন জেলার প্রতিনিধি সেসব মানুষ এখানে উপস্থিত থাকবেন। আমাদের দর্শকরা উপস্থিত থাকবেন। তেমন উৎসবমুখর পরিবেশে আমরা এই ধরনের অনুষ্ঠান উদ্বোধন করতে চাই।’

হামজা চৌধুরীদের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক, ‘শর্টলিস্টে থাকা কয়েকজন বিদেশি কোচের মধ্যে কোলম্যানকে নিয়েই ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার সম্মতি দেওয়া হয়েছে।’

আমিনুল হক আরো যোগ করেন, ‘আপনারা কোলম্যানের কথা শুনেছেন, রবার্ট ব্র্যাডস্টক রয়েছেন, আরো কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে থেকে যাকে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, সেই কোলম্যানের বিষয়ে ইতোমধ্যে বাফুফে সহযোগিতা চেয়েছে এবং আমরা সেই সম্মতি দিয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন