বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

সিলেটে বৃষ্টিবিঘ্নিত অনুশীলন

সিলেটে বৃষ্টিবিঘ্নিত অনুশীলন

একদিন আগে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। আজ প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে দলটি। তবে বৃষ্টির বাধায় সেই অনুশীলনটাও ঠিকঠাক করতে পারেনি দলটি। স্বাগতিক বাংলাদেশকেও একই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে। অর্থাৎ, বৃষ্টির বাধায় অনুশীলনটাই ঠিকঠাক হয়নি দুদলের।


আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকালও সিলেটে হতে পারে ঝড়োহাওয়াসহ বৃষ্টি। এমনকি রোববার থেকে শুরু হতে যাওয়া টেস্টের পাঁচদিনের মধ্যে তিনদিনই আছে বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ২১ ও ২২ এপ্রিল দিনব্যাপী বৃষ্টির পূর্বাভাস আছে।

বিজ্ঞাপন

টেস্ট শুরুর দিন অর্থাৎ ২০ এপ্রিল আছে হালকা বৃষ্টির শঙ্কা। ফলে বৃষ্টির বাধাকে সঙ্গী করেই সিলেটে এবার লাল বলে জিম্বাবুয়েকে মোকাবিলা করতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।


বৃষ্টির পূর্বাভাস থাকার বিষয়টি মাথায় রেখেই একাদশ সাজানোর পাশাপাশি উইকেট নিয়ে কাজ করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে সিলেট টেস্টের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আজ সিলেটে দলের অনুশীলন দেখার পাশাপাশি উইকেট ও মাঠও পর্যবেক্ষণ করেছেন তারা। আলাদা কথা বলেছেন টিম ম্যানেজমেন্টের সদস্য ও ক্রিকেটারদের সঙ্গে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন