আলাউদ্দিনের ফাইফার, রংপুর ও চট্টগ্রামের জয়

আলাউদ্দিনের ফাইফার, রংপুর ও চট্টগ্রামের জয়

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন রংপুরের আলাউদ্দিন বাবু। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে বরিশালকে অল্পেই আটকে রাখলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর ছোট রান তাড়ায় বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত ইনিংস খেলে রংপুরকে সহজ জয় এনে দিলেন অনিক সরকার সেতু।

বিজ্ঞাপন

সোমবারের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে রংপুর। ১০৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা। তিন ম্যাচে রংপুরের এটি প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে তারা। সমান ম্যাচে এখনও জয় পায়নি বরিশাল। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে দলটি।

আলাউদ্দিন বাবুর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট এই প্রথম। প্রায় ১৫ বছর ও ৭৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই কীর্তি গড়লেন তিনি। ৩.৩ ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করে ৫ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বরিশালকে ধাক্কাটা দেন নাসির হোসেন। তার ঘূর্ণিতে কাবু হয় বরিশাল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন নাসির। এরপর শেষ দিকে একের পর এক উইকেট নিতে থাকেন আলাউদ্দিন। বরিশালের পক্ষে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ২৭ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। উইকেটরক্ষক-ব্যাটার জাহিদুজ্জামান ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

রান তাড়ায় নেমে রংপুরও দ্রুত কিছু উইকেট হারায়। একে একে ফিরে যান তানবীর হায়দার (৪), আব্দুল্লাহ আল মামুন (২৪), আকবর আলি (১৭) ও আলাউদ্দিন (০)। একপ্রান্তে অবিচল ছিলেন ২০ বছর বয়সী ওপেনার অনিক। শেষ পর্যন্ত ৩৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে শাহাদাত হোসেন দিপু ও মুমিনুল হকের সমান ৪৫ রানের দুটি ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করতে পারে রাজশাহী। তাদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন প্রীতম কুমার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুবেল। ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ, নাঈম হাসান ও মেহেদি হাসান রানা।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর বনাম বরিশাল

বরিশাল : ২০ ওভারে ১০৬/১০ (ফজলে মাহমুদ ২৭, জাহিদুজ্জামান ২২*, রাফসান ১৯; আলাউদ্দিন ৫/১৬, নাসির ২/১৬, হাসিম ১/৪)

রংপুর : ১৩.৩ ওভারে ১০৯/৪ (অনিক ৫৪*, আল মামুন ২৪, আকবর ১৭; তানভীর ৩/২৭, মেহেদি হাসান ১/১৫)

চট্টগ্রাম বনাম রাজশাহী

চট্টগ্রাম : ২০ ওভারে ১৫৫/৬ (শাহাদাত ৪৫, মুমিনুল ৪৫, শুক্কুর ১৬; মেহেরব ২/৩২, পায়েল ২/৩২)

রাজশাহী : ২০ ওভারে ১২৫/৮ (প্রীতম ২২, শান্ত ২১, সাব্বির ২১; রুবেল ৩/২৪, নাঈম ১/২০, হাসান ১/২৯)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...