বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ((বাফুফে) নতুন কার্যনির্বাহী কমিটি গত অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছে। এরই মধ্যে প্রবাসী হাই-প্রোফাইল খেলোয়াড়দের আগমণে ফুটবলের জোয়ার ওঠে। কিন্তু সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বটি দর্শক-প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই ম্যাচে হারের পর স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ব্যাপক সমালোচনা হচ্ছে। আজ মহাখালীর রাওয়া কনভেশন হলে সংবাদ সম্মেলনে খোদ বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনই কোচ কাবরেরার পদত্যাগ দাবি করেছেন।
বাফুফে বর্তমান কার্যনির্বাহী কমিটি গত আট মাস ধরে কী কী কাজ করেছে এবং সামনের পরিকল্পনাগুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। নিজেদের অবস্থান সম্পর্কে মঞ্চে থাকা সদস্য শাহিনকে বক্তব্য রাখতে বলা হলে তিনি একমাত্র এজেন্ডা হিসেবে কোচ কাবরেরা দাবি উপস্থাপন করেন। বাফুফের সদস্যের এ দাবির প্রেক্ষিতে সভাপতি তাবিথ আউয়াল বেশ কয়েকবার সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন।
কাবরেরাকে রাখা না রাখা প্রসঙ্গে বাফুফে প্রধান বলেন, ‘আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করি। জাতীয় দল সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে আলোচনা করব। সেখানে কোচিং স্টাফরাও থাকবেন। সব কিছু মূল্যায়ন করে আমরা একটা সিদ্ধান্ত নেব। এখানে এ ব্যপারে কিছু বলতে চাই না।’ বাফুফের সদস্যের কোচের পদত্যাগের দাবি প্রসঙ্গে তাবিথ আউয়াল জানান, এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। নিজেরা বসে এ ব্যপারে কথা বললেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর নিজ দেশ স্পেনে ফিরে গেছেন কোচ কাবরেরা। তার সঙ্গে আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি রয়েছে বাফুফের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

