আগামী মৌসুমেও আবাহনী দলের কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক। গত মৌসুমে তার অধীনে দারুণ খেলেছেন আবাহনী। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে রানার্সআপ তার দল। গত লিগের প্রথম পর্বে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দারুণ লড়েছে আবাহনী দল।
এবারও নতুন মৌসুমে এএফসি প্রো লাইসেন্সধারী কোচের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপ সহ ঘরোয়া ফুটবলে আকাশি-হলুদ জার্সিধারিদের ডাগ আউটে দেখা যাবে দেশের অন্যতম সেরা কোচকে।
আবাহনী লিমিটেড এএফসি কাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। ১২ আগস্ট এই প্লে-অফ ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কয়েক দিনের মধ্যে দলের অনুশীলনও শুরু হওয়ার কথা রয়েছে।
টানা দ্বিতীয় মৌসুমে আবাহনীর দায়িত্ব পেয়ে খুশি মারুফুল। তিনি বলেন, ‘আমাকে নতুন মৌসুমেও কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আমিও সম্মতি দিয়েছি। কয়েকদিনের মধ্যে দলের প্রস্তুতিও শুরু হয়ে যাবে। তবে শুরুতে এএফসি কাপের পরীক্ষা। কিরগিজস্তানের দলটি ভালো। তাদের দলে ইউক্রেনের ৯ জন রয়েছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করছি নিজেদের মাঠে ইতিবাচক কিছু হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

