অসাধারণ কিছু কৃতিত্ব তো সব সময় দেখা যায় না। কালেভদ্রে মেলে দুর্বার কিছু পারফরম্যান্স। ৬ বলে ৬ ছক্কা তেমন কিছুই। কিন্তু থিসারা পেরেরার বেলায় এটা যেন খাটে না। তাইতো ফের ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন শ্রীলঙ্কার এ তারকা অলরাউন্ডার। ঘটনা এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে ইনিংসের শেষ ওভারের। শনিবার আফগানিস্তান পাঠানস টিমের স্পিনার আয়ান খানের ওভারে ছয় বলে ৬টি ছক্কা পেয়েছেন থিসারা।
থিসারা ছয় বলে ছক্কা হাঁকিয়েছিলেন এর আগেও। সেটা অবশ্য ২০২১ সালে। লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের জার্সিতে। ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ৬ বলে ৬ ছক্কা মারার নয়া ইতিহাস লিখলেন থিসারা।
শুধু ছয় বলে ছয় ছক্কাই নয়, জাদুকরী তিন অঙ্কের দেখাও পেয়েছেন থিসারা। শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে উপহার দেন ৩৬ বলে হার না মানা ১০৮ রানের দুরন্ত এক ইনিংস। উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পেরেরা ব্যাট হাতে মাঠে নামেন ইনিংসের দশম ওভারে।
ইনিংসের শেষ ওভার ৬ ছক্কার সঙ্গে তিনটি ওয়াইডও দেন বোলার আয়ান। শেষ ওভারে তার খরচ ৩৯ রান, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ক্যাপ্টেন থিসারার ব্যাটিং-ঝলকে শ্রীলঙ্কা লায়ন্স গড়ে ২৩০ রানের হিমালয়সম পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ২০৪ রান তুলতেই থেমে যায় আফগানিস্তান পাঠানসের ইনিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

