২০২৪ সালের মার্চে ডোপ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন জানিক সিনার। তার নমুনা টেস্টে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া গিয়েছিল। কিন্তু তারপরও একটি স্বাধীন ট্রাইব্যুনাল ইতালির এ তারকা খেলোয়াড়কে টেনিস কোর্টে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। এ কারণে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে নিষিদ্ধ করতে আপিল করে ওয়াডা।
আগেরবার বেঁচে গেলেও এবার আর পারলেন না। সিনার ডোপ সেবনের অপরাধে নিষিদ্ধ হয়েছেন তিন মাসের জন্য। সিনার এর আগে দু’বার ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন। পরে ইউএস ওপেনে অংশ নিয়ে জেতেন শিরোপা। গত জানুয়ারিতে জেতেন অষ্ট্রেলিয়ান ওপেন ট্রফিও। এবা অবশ্য ওয়াডার সঙ্গে সমঝোতা করেছেন সিনার। নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন এ ইতালিয়ান টেনিস তারকা।
২৩ বছরের সিনারের নিষেধাজ্ঞা কার্যকর হবে ৯ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৪ মে। তবে ফরাসি ওপেনের আগামী আসরে খেলতে পারবেন। কেননা, লাল দুর্গে বছরের এ দ্বিতীয় মেজর ট্রফি কোর্টে গড়াবে ১৯ মে।
ইন্টারন্যাশনাল টেনিস ইন্ট্রিগ্রিটি এজেন্সিকে সিনার জানিয়েছিলেন, চোট সারানোর জন্য ফিজিওথেরাপিস্ট একটি স্প্রে ব্যবহার করেছিলেন, তার মধ্যেই ছিল সেই নিষিদ্ধ পদার্থটি। সেই সময়ই সেটা তার শরীরে প্রবেশ করে। গত বছরের এপ্রিল মাস থেকে এনিয়ে শুনানি চলছিল সিএএসে। ওয়াডা শাস্তির বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘মিস্টার সিনারকে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত টেনিসে নিষিদ্ধ করা হয়েছে।’
তার মানে নিষেধাজ্ঞা কাটিয়ে সিনারকে ফ্রেঞ্চ ওপেনে দেখা যাবে। তার আগে অন্য কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তবে ১৩ এপ্রিল থেকে অনুশীলন শুরু করতে পারবেন বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

