দুজনই হকি খেলোয়াড়। একজন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। আরেকজন অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। হকি মাঠে পরিচয়ের পর এবার জীবনের গাঁটছড়া বাঁধলেন সোহানুর রহমান ও তাসনিম আক্তার মিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ দুই হকি খেলোয়াড়। বিকেএসপিতে অনুষ্ঠানের ফাঁকে হকি টার্ফের বর-কনে বল ও স্টিক হাতে নিয়ে ক্যামেরাবন্দি হন। এই ছবি ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে প্রকাশ করে এই নবদম্পতিকে অভিনন্দন জানায় এশিয়ান হকি ফেডারেশন।
জানা যায়, সবুজ ও মিমের সম্পর্ক ছিল তিন বছরের। দুজনের পরিবারও বিয়ের ব্যাপারে রাজি ছিল। কিন্তু বয়স পূর্ণ না হওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সারতে অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। কেননা সবুজ বিমানবাহিনীতে চাকরি করেন। বয়স ২৪ বছর পূর্ণ না হলে এই সংস্থার অনুমতি পাচ্ছিলেন না। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বিয়ের পর শুক্রবার বৌভাত অনুষ্ঠান হয়েছে বিকেএসপিতে। সবুজ জানান, তার স্ত্রী মিমের সঙ্গে হকির মাধ্যমেই পরিচয় হয়। এরপর মন দেওয়া-নেওয়ার পর পরিণত হলো। বিয়ের পর মিমের হকি খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানান সবুজ। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ২০১৯ সালে জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন মিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

