স্প্যানিশ সুপার কাপ

সৌদিতে এল ক্লাসিকো জিততে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

সৌদিতে এল ক্লাসিকো জিততে চান আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

স্পেনের ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার রাজত্ব থাকবে। এটাই তো স্বাভাবিক। তাইতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় ছিলেন ফুটবল অনুরাগীরা। বার্সা আগেই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটে ফেলায় ক্রীড়ামোদীদের আশার পালে লেগেছিল হাওয়া। তবে তাদের হতাশ হতে হয়নি। কাতালানদের পর রিয়ালও নাম লিখেছে এবার ফাইনালে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আসরের সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে ধরাশায়ী করে এ স্প্যানিশ জায়ান্ট ক্লাব। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের এ জয়ে মধ্যপ্রাচ্যের মরুর বুকে আরও একটি এল ক্লাসিকোর সূচি নিশ্চিত হলো।

আগামীকাল রোববার রাতে জেদ্দায় প্রতিযোগিতার ফাইনালে চিরশত্রু বার্সাকে মোকাবিলা করবে রিয়াল। বার্সার ১৪তম সুপার কাপ জয়ের রেকর্ড ছোঁয়ার সুবর্ণ সুযোগ এবার রিয়ালের সামনে।


লড়াইয়ের শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। আগ্রাসী ফুটবলের পসরা সাজিয়ে বসে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা করে গেছে প্রতিপক্ষ মায়োর্কার রক্ষণভাগের ফুটবলাররা। তাদের দৃঢ়তায় ম্যাচের ডেডলক যেন কিছুতেই ভাঙছিল না। যে কারণে দুদল বিরতিতে যায় গোলের দেখা পাওয়া ছাড়াই।

দ্বিতীয়ার্ধেও প্রতাপ দেখাতে থাকে রিয়াল। কিন্তু বিরতির পর খেলা শুরু হতেই ঠিক আগের মতো গোলমুখে গিয়ে ব্যর্থতার গল্প লিখতে থাকেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহ্যামরা। শেষে ম্যাচের নীরবতা ভাঙে ৬৩ মিনিটে। শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম ফেভারিট রিয়ালকে লিড এনে দেন তারকা ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।


সবাই ধরেই নিয়েছিল বেলিংহ্যামের গোলে হয়তো ম্যাচটি জিততে যাচ্ছে রিয়াল। কিন্তু ইনজুরি টাইমে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। বেড়ে যায় তাদের জয়ের ব্যবধান। রিয়াল স্কোরশিটে যোগ করে আরও দুই গোল। দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। লড়াইয়ের ৯০+২ মিনিটে ভুলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন স্লোভাকিয়ার ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়ের ব্যবধান ৩-০ গোলে ফেলেন রদ্রিগো। ম্যাচের শেষদিকে দুই ক্লাবের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হলে মাঠে খানিকটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। তবে অল্পতেই মিটে যায় সেই ঝগড়া।


মহারণের ফাইনালে বার্সাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে চায় রিয়াল। ফুটবল গুরু আনচেলত্তি জানালেন সেই দৃঢ় প্রত্যয়ের কথা, ‘ক্লাসিকো নিয়ে ইদানীং অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত বছর সুপার কাপে আমরা বার্সাকে ৪-১ গোলে হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের ৪-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচটি কেমন হবে- সেটা কল্পনা করা কঠিন। এটা উপভোগ্যই হবে; কারণ, মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় উপস্থিত থাকবে। আর অবশ্যই আমরা বার্সার চেয়ে সেরা দল হয়ে ম্যাচ শেষ করতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: