বিকেএসপিতে নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবানের প্রশিক্ষণ শুরু

বিকেএসপিতে নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবানের প্রশিক্ষণ শুরু

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম। শনিবার বিকেলে আশুলিয়ায় বিকেএসপি ক্যাম্পাসে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বাছাই করা ৩০৬ জনকে এবার বিকেএসপিতে রেখে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, দেশের অগ্রযাত্রায় বন্ধুপ্রতিম দেশ চীনের সহযোগিতাও রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশই আরও এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের বন্ধুপ্রতীম দেশ চীনও সহযোগিতা করছে। পরস্পরকে সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

নতুন কুঁড়ির এই তরুণ খেলোয়াড়দের পাশে সরকার থাকবে বলেও জানান আমিনুল হক। তাঁর ভাষ্য, নির্বাচিত প্রতিভাবানদের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, নতুন কুঁড়ি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে যেতে দেওয়া হবে না এবং তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বিকেএসপির মাধ্যমে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নিজের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, তিনি একসময় খেলোয়াড় ছিলেন, পরে রাজনীতিতে যুক্ত হন। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ১৭ বছর তিনি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সময় জেল-জুলুমের মুখোমুখি হলেও হাল ছাড়েননি। মানুষের ভালোবাসায় পরবর্তী সময়ে তিনি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন