অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে মাঠ ছাড়েন জস বাটলার। তাতে এই তারকা ব্যাটারের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাটলার তিন অঙ্কের কোটায় পৌঁছাতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের শুরুটা হয়েছে দারুণ। কুড়ি ওভারের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২১ রানে হারিয়েছে ইংলিশরা। বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন লিয়াম ডসন। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
ডারহামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে ৫৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন বাটলার। আলজারি জোসেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬ চারের পাশাপাশি চারটি ছয় মারেন সাবেক অধিনায়ক। ২০ বলে ৩৮ রান করেন জেমি স্মিথ।
জবাবে ১৬৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ বলে তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন এভিন লুইস। এছাড়া রোস্টন চেজ ২৪ ও জনসন চার্লস করেন ১৮ রান। ২০ রানে ৪ উইকেট নেন ডসন। জ্যাকব বেথেল ও ম্যাথু পটসের শিকার দুটি করে উইকেট।
এর আগে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টিতেও তাদের শুরুটা হলো জয় দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৮৮/৬ (২০ ওভার); বাটলার ৯৬, স্মিথ ৩৮; শেফার্ড ২/৩৩
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৭/৯ (২০ ওভার); লুইস ৩৯, চেজ ২৪; ডসন ৪/২০
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

