সকালের সূর্য যে সারাদিনের আভাস দেয় না সে চির সত্যই যেন ধরা দিলো আবার। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হওয়ার আগে বুধবার সকালে রোদের ঝলকানি ছিল মিরপুরের আকাশে। কিন্তু বিধিবাম। সময় গড়ার সাথে সাথে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এর শেষ পরিণতি বৃষ্টি। দুপুরে শুরু হওয়া বৃষ্টি থামেনি শেষ বিকেলেও। তাতে দিনের শেষ সেশনের বেশিরভাগ খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টির বাধার দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নাইম।
বৈরী আবহাওয়ার দিনে মাঠে গড়িয়েছে ৫৭.৩ ওভার। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান। স্কোরবোর্ডই বলছে ব্যাট হাতে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বোলারদের কতটা শাসন করেছে বাংলাদেশ। এর নেতৃত্বে ছিলেন নাইম। জেডন লেনক্সের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে ৮২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তার ৯৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও দুই ছয়ের সাহায্যে। তার আগে এনামুল হক বিজয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৩০ রান করেন নাইম। দুই রানের জন্য ফিফটি বঞ্চিত হন বিজয়। সাইফ হাসানের অবদান ৫১ রান। ১৯ রান করেন জাকির হাসান। অমিত হাসান ১৬ ও মাহিদুল ইসলাম ১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জাকারি ফোকস ৪০ রানে দুই উইকেট নেন। লেনক্স ও ম্যাথু বোলের শিকার একটি করে উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

