জাতীয় অ্যাথলেটিকস

দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

স্পোর্টস রিপোর্টার

দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবটি অনেক দিন ধরেই নিজের সম্পত্তি বানিয়ে রেখেছেন ইমরানুর রহমান। এবারও নিজের সেই খেতাবটি ধরে রাখার লক্ষ্যে ট্র্যাকে নেমেছিলেন; কিন্তু কেউ তার দখল থেকে ছিনিয়ে নিতে পারেনি খেতাবটি। বরাবরের মতো আজও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা। আবারও বনে গেলেন দ্রুততম মানব।

অন্যদিকে গত গ্রীষ্মকালীন আসরে হোঁচট খেয়েছিলেন শিরিন আক্তার। হারিয়ে ফেলেছিলেন দেশের দ্রুততম মানবীর খেতাব। এবার নারীদের ট্র্যাকে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন তারকা এই দৌড়বিদ। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনই ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ ইভেন্টে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন এ দুই তারকা।

বিজ্ঞাপন

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার ইমরানুর রহমান পেয়েছেন সহজ জয়। ১০.৫৮ সেকেন্ডের টাইমিং গড়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন। ইভেন্টটিতে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন নৌবাহিনীরই দৌড়বিদ মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর দৌড়বিদ নাইম ইসলাম।

সবশেষ গত আগস্টে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে দৌড় শেষ করতে ১০.৬৪ সেকেন্ড সময় লেগেছিল ইমরানুরের। সে তুলনায় এবার তার টাইমিংয়ে উন্নতি হয়েছে। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত দেশের ট্র্যাকে হওয়া টানা সাত প্রতিযোগিতার মধ্যে ছয়টিতে অংশ নেন। তবে সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন ইমরানুর।

হারের শঙ্কা কাজ করছিল কি না মনেÑএমন প্রশ্নে আত্মবিশ্বাসী ইমরানুর বলেন, সতীর্থদের সম্মান করেন, তবে নিজের ওপর বিশ্বাস ছিল ভালো করবেন ও প্রথম হবেন।

চোট কাটিয়ে ট্র্যাকে ফিরেই সাফল্য পেয়ে বেশ উচ্ছ্বসিত দেশের এই দ্রুততম মানব। এটি তার বর্ণিল ক্যারিয়ারের ষষ্ঠ দ্রুততম মানবের খেতাব। এখন এগিয়ে যেতে চান আরো অনেক দূর। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইমরানুর বলেন, ‘সামনে এশিয়ান ও কমনওয়েলথ এবং আগামী বছর এসএ গেমস আছে। ধাপে ধাপে আমি এগোতে চাই। আশা করি এই গেমসগুলোয় ভালো করতে পারব।’

গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে হার মেনেছিলেন শিরিন। সুমাইয়া ১২.১৯ সেকেন্ডে দৌড় শেষ করলেও শিরিনের সময় লেগেছিল ১২.২১ সেকেন্ড। এবার জাতীয় অ্যাথলেটিকসে ১২.১০ সেকেন্ড টাইমিং গড়ে আবারও দেশের দ্রুততম মানবী বনে গেছেন শিরিন। কিন্তু সুমাইয়া এবার সেরা তিনেই থাকতে পারেননি। ফিনিশিং লাইন পেরিয়েছেন চতুর্থ হয়ে। এ নিয়ে শিরিন ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব পেয়ে ভাগ বসালেন রেকর্ডে। এতে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতী স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ বার দ্রুততম মানবী হওয়ার কীর্তিকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...