গোল-জয়ে বছর
নতুন বছরের প্রথম ম্যাচ। লিওনেল মেসি মাঠে খেললেন। গোলও করলেন। তবে দারুণ পারফরম্যান্সের পরও হারের শঙ্কা পেয়ে বসেছিল ইন্টার মিয়ামিকে। কেননা আর্জেন্টাইন ফুটবল জাদুকরের দল পিছিয়ে পড়েছিল- একবার নয় দুবার। ঘুরে দাঁড়িয়ে কেবল সমতায় ফিরতে পেরেছিল ফ্লোরিডার ক্লাবটি। কিন্তু ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। শেষে সাডেন ডেথে মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে ৩-২ ব্যবধানে হারিয়ে নতুন বছর শুরু করেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। তার আগে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থেকে যায় প্রীতি ম্যাচটি। মিয়ামির জয়ের চেয়ে মেসির গোল উদযাপন নিয়েই আলোচনা হয়েছে বেশি।
ক্লাব আমেরিকাকে ম্যাচের ৩১ মিনিটে লিড এনে দেন হেনরি মার্টিন। তবে ম্যাচের প্রত্যাবর্তন করতে খুব বেশি সময় নেয়নি মিয়ামি। তিন মিনিট বাদেই গোল শোধ করে নেয় কোচ হ্যাভিয়ের মাচেরানোর দল। দারুণ এক আক্রমণ রচনা করে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আড়াআড়ি শট নেন। তার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী মেসি।
এ ফুটবল মহাতারকা সব সময় দুই হাত ওপরে তুলে আকাশের দিকে তাকিয়ে প্রয়াত দাদিকে স্মরণ করে গোল উদযাপন করেন মেসি। কিন্তু গ্যালারি থেকে দুয়ো শুনে মেসি মেজাজ হারিয়ে ফেলেন। নিজের জার্সির দিকে ইশারা করে তিনটি আঙুল উঁচিয়ে ধরেন। পরে মেসিকে তুলে নেন কোচ মাচেরানো। দর্শকদের দিকে শূন্যের ইঙ্গিত করেন। কিন্তু ইসরায়েল রেইয়েসের ৫৩ মিনিটের গোলে মিয়ামি ফের পিছিয়ে পড়ে। হারের দুয়ারেই পৌঁছে গিয়েছিল মেসির দল। পরে ইনজুরি টাইমে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন তমাস আভিলেস। তাতে মাঠের লড়াই শেষ হয় সমতা নিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

