ঘরের মাঠে হার, ভারতীয় ব্যাটারদের দুষছেন সাবেকরা

ঘরের মাঠে হার, ভারতীয় ব্যাটারদের দুষছেন সাবেকরা

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৩ রানে গুটিয়ে যাওয়া, দলটি ভারত বলেই অনেকে বিস্মিত হচ্ছেন। তাও ঘরের মাঠে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন টেস্টে ৩০ রানের পরাজয়ের পর ভারতে বইছে সমালোচনার ঝড়। পিচের ওপর দোষ তো পড়লেই, বাদ যাচ্ছেন দলের ক্রিকেটাররাও। ভারতের কোচ গৌতম গম্ভীরসহ দেশটির সাবেক ক্রিকেটাররা মেতেছেন সমালোচনায়।

দুই দলের চার ইনিংসের একটিও ২০০ রানের ঘর পেরোতে পারেনি। চার ইনিংসের রান যথাক্রমে ১৫৯, ১৫৩, ১৮৯ ও ৯৩। টেস্টে সবশেষ ৬৬ বছর আগে দেখা গিয়েছিল এমন কাণ্ড। ইডেন টেস্টে ব্যাটারদের সঙ্গে পিচ কিউরেটরকে দায়ী করছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দাবি, এই ধরনের পিচ তৈরিতে নির্দেশদাতা ভারতের কোচ গৌতম গম্ভীরই।

বিজ্ঞাপন

হারের পর গৌতম গম্ভীরও কথার সত্যতা প্রমাণ করেন। একই সঙ্গে ব্যাটারদের দোষ দিয়ে তিনি বলেন, ‘আমরা ঠিক এমন পিচই চেয়েছিলাম। কিউরেটর খুবই খুবই সাহায্য করেছেন। ঠিক যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। ভালো খেলতে না পারলে তো এমনই হবে। প্রথম কথা হলো উইকেটে কোনো দৈত্য-দানো ছিল না। এটা ‘আনপ্লেয়বল’ উইকেট না। টেম্বা বাভুমা, অক্ষর, ওয়াশিও (ওয়াশিংটন সুন্দর) রান পেয়েছে।’

গাম্ভীরের সঙ্গে তাল মিলিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘টার্নিং উইকেটে স্পিন খেলতে যে দক্ষতা লাগে, তা অবশ্যই কমে গেছে। কিন্তু ভারতের এমন ব্যাটিং দেখিয়ে দিয়েছে আমাদের নিজেদের সক্ষমতাও কতটা কমে গেছে। সফট হ্যান্ড, কবজির কাজের দক্ষতা অনেকটাই কমে গেছে।’

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর অবশ্য সমস্যা সমাধানের উপায় বাতলে দিয়েছেন, ‘এমন ধরনের পিচে আমাদের স্পিনার আর প্রতিপক্ষের স্পিনারদের মধ্যে পার্থক্য কমে যায়। আমাদের আবার সেই ক্ল্যাসিক ভারতীয় পিচে ফিরে যেতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন