কামিন্স ঝড়ের পর তোপ দাগলেন রাবাদা-এনগিডি

কামিন্স ঝড়ের পর তোপ দাগলেন রাবাদা-এনগিডি

দ্বিতীয় দিনেও চিত্রনাট্য বদলালো না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রথম দিনের মতো লর্ডসের বাইশ গজে আধিপত্য বিস্তার করলেন বোলাররা। পেসারদের দাপটে কাঁপলেন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, দুদলের ব্যাটসম্যানরা। প্রথম দিনের মতো আজও পড়ল ১৪ উইকেট। প্যাট কামিন্সের পেস ঝড়ের পর তোপ দাগলেন ক্যাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডি। তাতে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান সংগ্রহ করতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে অজিরা।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে অনেকটা পথ। তাদের লিডটা দাঁড়িয়েছে ২১৮ রানে। ব্যাটিং বিপর্যয়ের মাঝে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স কেরির ব্যাট থেকে এসেছে ৪৩ রান। আর দলীয় স্কোরে ২২ রান যোগ করেন ওপেনার মারনাস লাবুশেন। ৪৪ রান দিয়ে ৩ শিকার করেন দক্ষিণ আফ্রিকার রাবাদা। এনগিডি ৩৫ রান দিয়ে পেয়েছেন সমান ৩ উইকেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনেই টের পাওয়া গিয়েছিল উইকেটের আচরণ। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রইলো। তাতে নায়ক হয়ে উঠলেন অস্ট্রেলিয়ান দলপতি প্যাট কামিন্স। তার ক্যারিয়ারের ১৪তম ফাইফারের দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেল ৫৭.১ ওভারে ১৩৮ রানে। অজিদের লিড ৭৪ রানের। প্রথম ইনিংসে ৫৬.৪ ওভারে ২১২ রান করেছিল অস্ট্রেলিয়া।

লর্ডসে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপের সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় রান একশর ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন বাভুমা (৩৬)। জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর দ্রুত বিদায় নেন কাইল ভেরেন্নে (১৩) ও মার্কো জানসেন (০)। দুজনকেই বিদায় করেন কামিন্স।

একপ্রান্ত আগলে থাকা বেডিংহ্যামকেও ৪৫ রানে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নেন কামিন্স। শেষে রাবাদাকেও আউট করে টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট দখল করে মাঠ ছাড়েন অজি দলপতি। কামিন্সের এই ফাইফার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো অস্ট্রেলিয়ানের প্রথম ৬ উইকেট শিকারের রেকর্ড। তার সঙ্গে হাত মিলিয়ে স্টার্ক ২ ও হ্যাজেলউড নিয়েছেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১২/১০ ও ২য় ইনিংস ১৪৪/৮ (ক্যারি ৪৩, লাবুশেন ২২; রাবাদা ৩/৪৪, এনগিদি ৩/৩৫)।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১৩৮/১০ (বেডিংহাম ৪৫, বাভুমা ৩৬; কামিন্স ৬/২৮, স্টার্ক ২/৪১)।

*দ্বিতীয় দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন