প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও বল হাতে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। জ্যামাইকাতে শুরু হওয়া সিরিজের শেষ টেস্টেও ক্ষুরধার শামার জোসেফ, জেডন সিলস, জাস্টিন গ্রিভসরা। এই পেস ত্রয়ীর তোপের মুখে পড়ে গোলাপী বলের ম্যাচের প্রথম ইনিংসে ২২৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
কিংস্টোনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৭০.৩ ওভারে। সফরকারীদের সামনে সুযোগ ছিল ইনিংস বড় করার। কিন্তু বেশ কয়েকজন ব্যাটার ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন স্টিভ স্মিথ। ৪৬ রান এনে দেন ক্যামেরুন গ্রিন। প্যাট কামিন্সের অবদান ২৪ রান। এছাড়া উসমান খাজা ২৩, অ্যালেক্স ক্যারি ২১ ও ট্রাভিস হেড করেন ২০ রান।
ওয়েস্ট ইন্ডিজকে নাগালে রাখতে বল হাতে সবচেয়ে বেশি অবদান ছিল জোসেফের। ৩৩ রানের বিনিময়ে ৪ ব্যাটারকে ফেরান তিনি। গ্রিভস ও সিলস নেন তিনটি করে উইকেট। ৫৬ রান খরচ করেন আগেরজন। অন্যদিকে সিলস দেন ৫৯ রান।
জবাব দিতে নেমে ১৬ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১ রানে কেভলন অ্যান্ডারসনকে ফেরান মিচেল স্টার্ক। ব্রেন্ডন কিং ৮ ও রোস্টন চেজ ৩ রানে অপরাজিত আছেন। ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২২৫/১০ (৭০.৩ ওভার); স্মিথ ৪৮, গ্রিন ৪৬, কামিন্স ২৪; জোসেফ ৪/৩৩
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬/১ (৯ ওভার); কিং ৮*, চেজ ৩*; স্টার্ক ১/৩
*প্রথম দিনের খেলা শেষে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

