পর্তুগালের যে ফর্ম, তাতে হাঙ্গেরির বিপক্ষে সহজেই জয় পাবার কথা। তবে মাঠের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপহার হাঙ্গেরি। কিন্তু জেতা হলো না তাদের। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি পর্তুগাল জিতল ৩-২ ব্যবধানে।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে পর্তুগালের হয়ে তিনটি গোল করেন বের্নার্দো সিলভা, রোনালদো ও জোয়াও ক্যানসেলো। হাঙ্গেরির হয়ে দুটি গোলই করেন বার্নাবাস ভার্গা।
ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা। এরপর ৩৬তম মিনিটে দলকে সমতায় ফেরায় সিলভা। পর্তুগাল ৫৮তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায়।
এই গোল দিয়ে জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪১টি। বিশ্বকাপ বাছাইয়ে ৩৯টি। তাতে এই তালিকায় চূড়ায় থাকা কার্লোস রুইসের পাশে বসলেন রোনালদো।
পর্তুগালকে চমকে দিয়ে ৮৪তম আবার সমতায় ফেরে হাঙ্গেরি। হেডে গোলটি করেন ভার্গা। দুই মিনিট বাদেই দলের জয় জয়সূচক গোলটি করেন জোয়াও ক্যানসেলো। শেষদিকে জোয়াও ফেলিক্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া। হাঙ্গেরি ও রিপাবলিকে অব আয়ারল্যান্ডের পয়েন্ট সমান ১ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

